চরিত্রহীন চরিত্রবানের
চরিত্রে ধরে দোষ আর
মূর্খ ধরে জ্ঞানীর ভুল;
চোর বলে সাধুরে চোর,
ভগবান সেজে শয়তান
করে দেশের রুল।
অধার্মিক নৃত্য করে উদোম
ধর্মের নামাবলী চড়িয়ে গায়,
কপট নেতা নৈতিকতার করে পাঠ
ঈশ্বরের মাথার কাছে নিজেরে বসায়।
রাজার নীতিকে ক'রে হাতিয়ার
ইষ্টহীন নেতা করে রাজনীতি;
যমের দালালী ক'রে নেতা
বাঁচা-বাড়ায় আনে ভয়ভীতি।
ঈশ্বরে অবিশ্বাসী নাস্তিক অহঙ্কারে
আস্তিকের মাথায় মারে লাথ
নাস্তিক সেও যে আস্তিক,
নাস্তিকের নেই কোনও অস্তিত্ব
সেই সহজ জ্ঞান নেই তার।
ধূর্ত সততার পোশাক প'ড়ে
ধর্ম ক্ষেত্রে অধর্মের বার্তাবাহক হয়;
মিথ্যেবাদী সত্যের শুভ্র পোশাকে
রাজনীতির আঙিনায় রাজার নীতির
পতাকা করে উত্তোলন,
আর ধর্ম ও সত্য নীচে উলঙ্গ রয়।
( লেখা ৮ই ডিসেম্বর'২০২৪)

No comments:
Post a Comment