Monday, January 23, 2023

প্রবন্ধঃ নেতাজীর জন্মদিনে এ অপমানের সংস্কৃতি বন্ধ হ'ক।

আজ ২৩শে জানুয়ারী'২০২৩ ভারত রত্ন নেতাজীর ১২৬তম জন্মদিন। তাঁর চরণে আমার আন্তরিক অকৃত্রিম অকপট প্রণাম জানাই। দেশজুড়ে তাঁর জন্মদিন পালন হচ্ছে। আজ আনন্দের দিন। আনন্দের দিন ভারতবাসীর কাছে এইজন্য যে আজ সবাই ছুটির মেজাজে আছে। সকাল থেকে আমি যা দেখেছি বাড়িতে বাড়িতে হাটে বাজারে আজ খাওয়াদাওয়া আয়োজনের ও বিক্রি বাট্টার রমরমা। আর সরকারী, বেসরকারি সব প্রতিষ্ঠানে নেতাজীর জন্মদিন পালন অনুষ্ঠান আয়োজনের নামে শুধু একটা আনন্দ ফুর্তি করার অজুহাত মাত্র। আজ সবচেয়ে বেশী বিক্রি হবে মদ ও মাংস। সেলিব্রেট হবে নেতাজীর নামে 'হে হিটলার!' ব'লে। আজ কে কত নেতাজী দরদী নেতাজীর ফটোর সঙ্গে তার চলবে ফটো তোলার প্রতিযোগিতা সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে, ক্লাবে ক্লাবে। চলবে নানা অনুষ্ঠানে ও টিভিতে টিভিতে নানা দলের রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের মধ্যে তীব্র বাদানুবাদ নেতাজীর মূল্যায়ন ও প্রকৃত সম্মান পাওয়া আর না-পাওয়া নিয়ে। নেতাজীর কষ্ট, নেতাজীর যন্ত্রণা বোঝার বা অনুভব করা আজ শীতের সকাল-দুপুরে বাতুলতা বা অতিরিক্ত আবেগ মাত্র! আর এইসব চলে আসছে স্বাধীনতার পর থেকেই। এর কোনও ব্যতিক্রম নেই।

সরকারে যারা আসীন থাকে সেই সরকারের নেতৃবৃন্দ ইচ্ছা করলেই তো নেতাজীর প্রতি যথাযথ ও প্রকৃত সম্মান প্রদর্শন করতেই পারে! 'করে না কেন' এ নিয়ে তো কোনও বিতর্ক বা প্রশ্ন থাকার কথা নয়!
যাই-ই হ'ক আর যাই-ই করুক এসব ভাবতে গেলে মাথা খারাপ হ'য়ে যাবে। শুধু এটুকু কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে অনুরোধ নেতাজীর মতো ভারত রত্নদের জন্মদিনে ও বিশেষ বিশেষ দিনে তাঁদের প্রতি এবং সেইদিনগুলির প্রতি সম্মানার্থে ড্রাই ডে অর্থাৎ মদ বিক্রি নিষিদ্ধ হ'ক এবং সচেতন ও নিষিদ্ধ করা হ'ক যততত্র তাঁদের জন্মদিন পালন ও বিশেষ বিশেষ দিনগুলি পালন। যেন রাস্তাঘাটে অলিতেগলিতে নর্দমার ধারে যেখানে সেখানে জন্মদিন পালনের নামে বয়োজেষ্ঠ্যদের দ্বারা বালখিল্য তামাশা করা না হয়। দিনের শেষে খোলা আকাশের নীচে ফাঁকা পরিবেশে একাকী রাস্তার ধুলার মাঝে পড়ে থেকে কুত্তা, ছাগল, গরুর মুখের ছোঁয়া ও প্রস্রাব থেকে বা মঞ্চে অবহেলায় পড়ে থাকার এ অপমানের সংস্কৃতি বন্ধ হ'ক ও ভারতরত্ন অসহায় নেতাজীকে রক্ষা করা হ'ক। আমরা অপদার্থ বেইমান অকৃতজ্ঞ দেশবাসী যেন ভুলে না যায় এঁদের জন্যই আমরা আজ বৃটিশ শাসন মুক্ত ভারতে বাস করছি। এঁদের মতো বিপ্লবীরা পরিবার পরিজুন ছেড়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিল ব'লেই আমরা আজ পরিবার নিয়ে আছি।

আর সবচেয়ে যে অপমান বুকে নিয়ে আজও নেতাজী বেঁচে আছেন মানুষের মনে তা হ'লো তিনি যুদ্ধ অপরাধী। আজও ব'য়ে বেড়াচ্ছে সেই অপমান দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর পরেও। যদি আজ যুদ্ধ অপরাধী তকমা উঠে গিয়ে থাকে তাঁর নামের উপর থেকে তাহ'লে আমি ক্ষমাপ্রার্থী। আর যদি না উঠে গিয়ে থাকে তাহ'লে তামাম ১৩৫কোটি দেশবাসীর দাবি, অন্তরাত্মা বলছে, অবিলম্বে নেতাজীকে সেই চরম অপমানের বন্দীদশা থেকে, যুদ্ধ অপরাধীর তকমা থেকে মুক্ত করা হ'ক। তাঁর জন্য যা করার করুক কেন্দ্রীয় সরকার, দাবি তুলুক রাজ্য সরকার, আওয়াজ তুলুক সমস্ত রাজনৈতিক দল সহ ১৩৫কোটি দেশবাসী। ব্যাস্! আর কিছু চাই না আমাদের। আপাতত এই সম্মানটুকু দেখানো হ'ক নেতাজী সুভাষচন্দ্র বসুকে। পরে নাহয় আরও কিছু ভাবা যাবে।

আজ এই পর্যন্ত। হে নেতাজী! তোমার কষ্ট যন্রণা বুকে নিয়ে এই লেখা শেষ করলাম। তুমি আমার বারবার শতবার প্রণাম নিও।

No comments:

Post a Comment